
ভারতে কারাদণ্ড ভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।
নিহত শিপন হাওলাদার বরগুনা সদর উপজেলার বাসিন্দা সবেজ হাওলাদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে শিপন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাদণ্ড প্রদান করে এবং তুরা কারাগারে পাঠানো হয়।
আগামী ২৮ এপ্রিল তার সাজাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।