
টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সমাজের বিভিন্ন অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবিরের নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে।
অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার মূল আসামি মোঃ কবির হোসেন (৫৫) কে আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মারিশনপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর মিয়ার ছেলে এবং তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিমানবন্দরে ট্রলিম্যান পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেন।
পরবর্তীতে ভুক্তভোগীদের ভুয়া আইডি কার্ড দিয়ে বিমানবন্দরে যোগদান করতে বলা হলে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর আসামি আত্মগোপনে চলে যায়। পরে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে র্যাব-৪ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব জানায়, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।