শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাসিক অপরাধ সভায় মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সার্জেন্ট মো. জাহাঙ্গীর। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সার্জেন্ট মো. জাহাঙ্গীর মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন ”এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিটি দায়িত্ব আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের এক বিশাল প্রেরণা। এই প্রাপ্তি আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এই অর্জনের মর্যাদা অটুট রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বজায় রাখব।”
উল্লেখ্য, গাইবান্ধার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন সার্জেন্ট মো. জাহাঙ্গীর। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের স্বীকৃতি কর্মস্থলে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং জনসেবায় আরও উৎসাহিত করবে।