গভীর শোক ও শ্রদ্ধার আবহে গাজীপুরের গাছা তারগাছ এলাকায় অনুষ্ঠিত হলো মুন লাইট উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় এক হৃদয়স্পর্শী আলোচনা সভা। যেন পুরো পরিবেশ জুড়ে ছিল এক নীরব শোকগাঁথা, স্মৃতির ভারে ভারাক্রান্ত প্রতিটি হৃদয়।
মুন লাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুদোজা জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব মোঃ বোরহান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহান, বিদ্যালয়ের পরিচালক মাইনুদ্দিন, বোরহান উদ্দিন,
গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, আবু হানিফ, মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ হালিম, মোহাম্মদ আবুল কাশেম, আব্দুল মান্নান, মরহুমের ছোট বোন নারী উদ্যোক্তা সখিনা আক্তার এবং একমাত্র কন্যা রোকেয়া সিদ্দিকী কাকলি। স্বাগত বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক বিভৃতি ভূষন বাড়ৈ স্মৃতির পাতা উল্টে দেন আবেগঘন ভাষায়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক সাকিব আল হাসান, যা উপস্থিত সকলকে গভীর ভাবনার জগতে নিমজ্জিত করে। পরে দোয়া পরিচালনা করেন কুনিয়া তারগাছ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি জহিরুল ইসলাম কাসেমী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন মরহুম শহীদ উল্লাহ শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, সমাজ গঠনের এক নিবেদিতপ্রাণ কারিগর। তাঁর জীবন ছিল ত্যাগ, আদর্শ আর নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি ছিলেন এমন এক মানুষ, যার প্রস্থান শুধু একটি পরিবারের নয়, একটি সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কারও চোখে জল, কারও কণ্ঠে থমকে যাওয়া শব্দ সব মিলিয়ে যেন এক অদৃশ্য শূন্যতার ভার নেমে আসে পুরো সভায়।
শেষে সকলেই মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর দেখানো আদর্শে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি নেই, কিন্তু তাঁর আদর্শ, তাঁর ত্যাগ আর তাঁর ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।