
নববর্ষের প্রথম প্রভাতে, যখন প্রকৃতি জেগে ওঠে নতুন রঙে, নতুন আশায় ঠিক তখনই সংস্কৃতির দীপ্ত আলোকরেখায় উদ্ভাসিত হলো রাজধানীর তোপখানা রোড। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে এক বর্ণাঢ্য বৈশাখী কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায়।
গতকাল সকালে আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক কবি হাসান পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী, বাংলাদেশ সিভিল সোসাইটির আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামাল এবং সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ড. মমতাজুল করিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপার বাংলা ওপার বাংলা কবি দলের সভাপতি কবি নজরুল বাঙালীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, বাসদ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সামসুল আলম জুলফিকার, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আইয়ুব রানা এবং উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মুনির প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বাংলা নববর্ষের চিরায়ত তাৎপর্য তুলে ধরে বলেন, পহেলা বৈশাখ কেবল একটি দিন নয় এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত করে এবং সমাজে মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন। আগত কবি ও শিল্পীরা বৈশাখের আবহে তাদের সৃজনশীল পরিবেশনায় মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। প্রতিটি কবিতার পঙক্তি আর সুরের মূর্ছনায় যেন ধ্বনিত হচ্ছিল নতুন বছরের প্রত্যাশা, সম্ভাবনা ও জীবনের অনন্ত সৌন্দর্য।
পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক আ স ম জাকারিয়া, যার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
বৈশাখের এ আয়োজন যেন স্মরণ করিয়ে দেয় সংস্কৃতি বেঁচে থাকলে, মানবিকতা বেঁচে থাকে আর মানবিকতা বেঁচে থাকলেই জাগ্রত থাকে একটি জাতির আত্মা।