শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সাভার-এর বলিয়াপুর এলাকার কুন্ডা দাসপাড়া নামাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি কয়েল কারখানাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মোহাম্মদ নাহিদ নামের এক ব্যক্তি অবৈধভাবে একটি কয়েল কারখানা পরিচালনা করে আসছেন। কারখানাটির কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে চারজন সাংবাদিক কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের বাধার মুখে পড়েন। সাংবাদিকদের দাবি, সেখানে পৌঁছালে প্রথমেই তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় এবং পরে মালিকপক্ষের লোকজন উত্তেজিত আচরণ শুরু করে।
একপর্যায়ে অভিযুক্ত নাহিদ নিজে এসে বলেন, “আমি এই কারখানা যেভাবে খুশি সেভাবেই চালাবো। পুলিশ-প্রশাসন বা সাংবাদিক কাউকেই তোয়াক্কা করি না।” এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, “যেই আসবে, দেখে নেব”—যা প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করেছেন সংবাদকর্মীরা।
এর আগে গত ২৯ অক্টোবর একই এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে র্যাব-৪ অভিযান চালিয়ে একটি কারখানাকে জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কয়েল জব্দ ও ধ্বংস করে। অভিযোগ রয়েছে, এসব কারখানায় জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল পণ্য তৈরি করে বাজারজাত করা হয়, যেখানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহৃত হয়।
সাংবাদিকদের দাবি, সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও হুমকির ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক মো. মনিরুজ্জামান হাওলাদার জানান, তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। তিনি বলেন, “আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি আরও জানান, এ ঘটনায় তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সচেতন মহল বলছে, অবৈধ কারখানা ও সাংবাদিকদের হুমকি—দুটিই আইনের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।