শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে। সকালে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক , জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রাম মহানগর জাসাস সদস্য সচিব মামুনুর রশিদ শিপন।
অতিথিবৃন্দ চট্টগ্রামবাসীকে পহেলা বৈশাখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “রংধনু জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া হবে- বাংলা নববর্ষে এটিই আমাদের দৃঢ় প্রত্যয়।”
মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এই মন্ত্রকে ধারন করে সবার জন্য নিরাপদ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। সকলের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। প্রত্যয় রাখছি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বৈশাখ মানেই নতুন সাজ, বৈশাখ মানেই নতুনকে বরণ করে নেওয়া। আমরা আমাদের ঐতিহ্য কে নিয়ে গর্ব করি ,এটি আমাদের অহংকার। আমরা চাই পরবর্তী প্রজন্মের মধ্যেও এই ঐতিহ্যকে ছড়িয়ে দিতে।”
এরপর ডিসি হিলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় প্রতিমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং অন্যান্য অতিথিবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সারাদিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, নৃত্য, পুঁথি পাঠ ও আবৃত্তি।
বিকেলের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন বিখ্যাত বাউল শিল্পী চিশতি বাউল, যার পরিবেশনায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় অন্যরকম আবেগঘন পরিবেশ।
এ সময় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আ্যডহক কমিটির সম্মানিত সদস্য ইসরাফিল খসরু।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বর্ণাঢ্য এই আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী চট্টগ্রামের শিল্পীবৃন্দ, সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ এবং উপস্থিত সংবাদকর্মী ও দর্শনার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।