
রংপুরের গংগাচড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গংগাচড়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৈচিত্র্যময় সাজসজ্জায় সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং বৈশাখের ঐতিহ্যবাহী গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এদিন উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।