
টাঙ্গাইল সদরস্থ শহীদ মারুফ স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কৃষক কার্ড কর্মসূচির প্রি-পাইলট জেলা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সময়ে অনলাইনের মাধ্যমে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণের প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষকদের আধুনিক সেবা ব্যবস্থার আওতায় আনতে এবং সরকারি সহায়তা সহজলভ্য করার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত জেলাগুলোতে প্রি-পাইলটিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা হবে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এ কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) হতে ০২ (দুই) প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা অনুষ্ঠানস্থল, আশপাশের এলাকা এবং প্রবেশপথগুলোতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটসমূহ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিং চালু রয়েছে বলে জানা গেছে।
আয়োজকরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ভর্তুকি, প্রণোদনা ও সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি খাতে ডিজিটাল সেবার বিস্তার ঘটবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুশৃঙ্খল পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে সারাদেশে এ কর্মসূচি সম্প্রসারণের পথ সুগম হবে।