শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ, মদ তৈরির সরঞ্জাম এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল, ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খাগড়াছড়ি জেলার পানছাড়ি থানার নোরাপাড়া গ্রামের মৃত সুকাময় চাকমার ছেলে সোপান চাকমা (৩০), আশুলিয়া থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহীন আলম (৪০), সুনামগঞ্জের তাহিরপুর থানার মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ টিটন মিয়া (২৮) এবং রাজশাহী জেলার বাগমারা থানার রাম গুইয়া গ্রামের মৃত কাছু মন্ডলের ছেলে মোঃ আলীম (৩০)। আসামিরা সবাই আশুলিয়ার খেজুর বাগান ও জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান এবং সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। এছাড়াও মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ০১ টি মোটরসাইকেল এবং চোলাইমদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাইমদ তৈরি এবং বিক্রি করে আসছিল। এর মধ্যে ২ নং আসামি মোঃ শাহীন আলমের বিরুদ্ধে আগে থেকে একটি সিআর মামলা রয়েছে।
এই ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আশুলিয়া থানায় একটি মামলা (মামলা নং-৪৬) রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।