শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চুরি হওয়া একটি গরু ধাওয়া করে উদ্ধার করেছেন এক সাহসী প্রাইভেটকার চালক। গতকাল গভীর রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম এলাকা থেকে গরুটি চুরি করে একটি পিকআপে করে নিয়ে যাচ্ছিল চোরচক্র। বিষয়টি টের পেয়ে এক প্রাইভেটকার চালক নিজের গাড়ি নিয়ে ধাওয়া শুরু করেন। ধাওয়ার একপর্যায়ে চোররা প্রাইভেটকার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবুও জীবনের ঝুঁকি উপেক্ষা করে চালক ধাওয়া চালিয়ে যান। অবশেষে নাগরপুর উপজেলার কেদারপুর এলাকায় পৌঁছে চোরদের পিকআপসহ গরুটি আটকাতে সক্ষম হন তিনি।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করা হয়। তবে চোরচক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানা গেছে।