গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ৫৫ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার নিশাত মহল্লা বস্তিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সরু ও অপর্যাপ্ত সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি, ফলে আগুন নেভাতে কিছুটা সময় বেশি লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।