কুমিল্লা দেবিদ্বার উপজেলা-এর মির্জানগর গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ট্যাবলেট আনার সময় এনামুল হক সরকার (৩৪) ও মোঃ লিটন (২৪)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক এনামুল হকের পিতা মৃত মোখলেছুর রহমান এবং লিটনের পিতা ইদ্রিস মিয়া। তাদের বাড়ি দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, নবীপুর এলাকার বিএনপির নেতা ইকবাল হোসেনের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এর ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, তারা মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে চাইলেও বিভিন্ন সময় বাধার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।