
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণে জাসাসের অগ্রণী ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় শেরপুর জেলার কলেজ মোড় এলাকায় অবস্থিত সুলতান চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব হারুন অর রশিদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা জহুরুল ইসলাম জপি এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ শেরপুর জেলা শাখার প্রতিনিধি করুণা দাস কারুয়া। সভায় নবগঠিত আহ্বান কমিটির সদস্য, যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, জাসাস সবসময় বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আগামী দিনে জাসাসের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করা, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি এ কে এম এনামুল হক বিপু তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এই ঐতিহ্য রক্ষায় জাসাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজে সাংস্কৃতিক চর্চা বিস্তারে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে উপস্থিত সকলের মধ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।