শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে ও রাতে সাভারের তেঁতুলঝড়া ও ছোট বলি মেহের এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার মৃত সাইদুর হকের মেয়ে লামিয়া সুলতানা নিলু ওরফে মীম (২৩) ও তার স্বামী রমজান মল্লিক (৩৪)। অপর অভিযানে গ্রেপ্তার হন সাভারের মজিদপুর এলাকার মৃত দেরু মিস্ত্রির ছেলে মো. লিটন মিয়া (৪৮)।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই ফয়সাল আলম সঙ্গীয় ফোর্সসহ তেঁতুলঝড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ১০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
অন্যদিকে, এসআই সুজিত কুমার মৃধার নেতৃত্বে সাভারের ছোট বলি মেহের এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই ৪টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।