
কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে রাজামেহার ইউনিয়নের মন্নারবাজার হাজ্বীপাড়া এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ড্রেজার মেশিন ও প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিনটি ভেঙে ফেলা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন জানান, কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।