শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া বটবাড়ী এলাকায় ভুয়া মানব পাচার মামলা দায়েরের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, মানব পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া মন্টু মল্লিকের পরিবার নিজেদের দোষ আড়াল করতে ভুক্তভোগী একটি নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানব পাচার সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন মন্টু মল্লিক। এ অবস্থায় তার পরিবারের সদস্যরা পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মন্টু মল্লিকের ছেলে ডালিম তার স্ত্রী নদী বেগমকে বাদী করে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে আদালতে একটি মানব পাচার মামলা দায়ের করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধ ঢাকতেই এই মামলা সাজানো হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত লালচাঁদ খন্দকারের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছে এবং তারা অত্যন্ত নিরীহ ও অসহায়। স্থানীয়দের ভাষ্যমতে, এই পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।
আরও জানা গেছে, ভুক্তভোগী পরিবারের সদস্য রমজান খন্দকারকে বিদেশে পাঠানোর নামে প্রতারণার শিকার করা হয় এবং পরবর্তীতে তিনি বিদেশে গিয়ে কারাবন্দি হন। এ ঘটনার সঙ্গেও মন্টু মল্লিকের পরিবারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানতে পেরেছেন, পুরো ঘটনাটি একটি সাজানো নাটক। এলাকাবাসীর দাবি, মন্টু মল্লিককে আইনি জটিলতা থেকে রক্ষা করতেই এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন