শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাত (১৭)-এর মরদেহ প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।রোববার (২৯ মার্চ) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর হঠাৎ স্রোতে তলিয়ে যায় আরাফাত। সঙ্গে থাকা চারজনের মধ্যে তিনজন তীরে উঠতে পারলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।নিখোঁজের পরপরই ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন অনুসন্ধানের পর মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় জেলেরা পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দীর্ঘ অনুসন্ধানের পর মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে নদীতে নামার সময় আরও সতর্ক থাকার তাগিদ লক্ষ্য করা গেছে।