শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ গাজোকাটি খারিজা ভাজনি প্রধানপাড়া এলাকায় সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রাণ দিতে হলো বাবু নামের এক মুদি দোকানদারকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ দুপুরে বাড়ির পাশের একটি গাছের শেকড় নিয়ে প্রতিবেশী আনিস ও সিদ্দিকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান বাবু।
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এসে আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সিদ্দিকের ছেলে সেলিমের লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হন বাবু। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় রংপুরে রেফার করা হয়।
রংপুরের একটি বেসরকারি হাসপাতালে টানা নয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ মার্চ মৃত্যুবরণ করেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) পোস্টমর্টেম শেষে তার মরদেহ নিজ এলাকায় পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, বাবু ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। তিনি কখনো কারো সঙ্গে বিরোধে জড়াতেন না, বরং যেকোনো ঝগড়া মিটমাট করতে এগিয়ে যেতেন সবার আগে।
এ ঘটনায় নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহতের পরিবার এখন দিশেহারা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
এদিকে, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি পরিকল্পিত নাকি দুর্ঘটনাবশত—তা জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।