শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় সক্রিয় তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মতু।পরিদর্শনকালে পদ্মা সেতু ও সংলগ্ন এলাকায় যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। টোলপ্লাজার বিভিন্ন লেন—বিশেষ করে মোটরসাইকেল লেন—নিয়মিত কার্যক্রমে সচল থাকায় যাত্রীদের চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি।এসময় নতুন চালু হওয়া বাস সার্ভিসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ তদারকির একপর্যায়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।অভিযানে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, যা পুরো কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে এবারের ঈদযাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ।