শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঝিনাইদহ শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকার আম গাছে দেখা দিয়েছে মুকুলের সমারোহ।গ্রাম অঞ্চল থেকে শুরু করে বাড়ির আঙিনা সবখানে এখন মুকুলের সুবাস ছড়িয়ে পড়েছে। প্রকৃতির এই মনোরম দৃশ্য স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মনে জাগিয়েছে ভালো ফলনের আশাবাদ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শৈলকুপায় কয়েকশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। এর মধ্যে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি জাতের আম বেশি রয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবং ঘন কুয়াশা ও পোকার আক্রমণ কম হলে এবারও ভালো ফলন হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।স্থানীয় আমচাষি আব্দুল মালেক বলেন, এবার গাছে প্রচুর মুকুল এসেছে। যদি অতিরিক্ত কুয়াশা না পড়ে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে গত বছরের মতো ভালো ফলন হবে বলে আশা করছি।কৃষি কর্মকর্তারা জানান, মুকুল আসার সময় ঘন কুয়াশা ও অতিবৃষ্টি হলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি হপার ও মিলিবাগসহ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে চাষিদের নিয়মিত বাগান পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।প্রতি বছর শৈলকুপার উৎপাদিত আম স্থানীয় চাহিদা পূরণ করে জেলার বাইরেও সরবরাহ করা হয়। ফলে আম মৌসুমকে ঘিরে এখানকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।