শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর বাজারে এক বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাত বারোটার দিকে মান্দারবাড়ীয়া ইউনিয়নের এক ব্যস্ততম বাজারে ডাক্তার বাবু হোসেনের ওষুধের ফার্মেসিতে আগুন লেগে মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।
চোখের পলকে নিঃস্ব হলেন ওষুধ ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১২টার দিকে বাজারের নৈশপ্রহরী ও আশপাশের লোকজন ডাক্তার বাবুর ফার্মেসি থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পাওয়ার সাথে সাথেই মহেশপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের ভেতরে থাকা মূল্যবান ওষুধ, আসবাবপত্র এবং জরুরি সরঞ্জামাদি পুড়ে কয়লায় পরিণত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডাক্তার বাবু হোসেন জানান, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ ওষুধ ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যার আর্থিক মূল্য অনেক। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।দোকানের কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা বলেন”আগুন এতো দ্রুত ছড়িয়েছিল যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে। ব্যবসায়ীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাজার ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়ার দাবি জানিয়েছেন।