শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
আশুলিয়া সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়া থানাধীন বড় ধনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাভারের চাকলগ্রাম এলাকার ইকবাল রিজভীর ছেলে আব্দুস সামীউল আলীম (২৮) এবং নড়াইল সদর থানার ইচর বাহা গ্রামের মৃনাল কান্তি বিশ্বাসের ছেলে স্বরুপ বিশ্বাস (২৭)। স্বরুপ বর্তমানে সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) শ্রী সজিব মন্ডল, এসআই (নিঃ) ফজিকুল রহমান ও সঙ্গীয় ফোর্স বড় ধনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।