শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে উপজেলার দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।
পরিদর্শনের সময় তিনি মাওয়া ফিলিং স্টেশন ও ঘোলতলী এলাকার সাকুরা ফিলিং স্টেশন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে নির্ধারিত দামের বেশি মূল্য আদায় না করার জন্য সতর্ক করেন তিনি।
এ সময় ইউএনও ফারজানা ববি মিতু ফিলিং স্টেশনে কর্মরতদের ক্রেতাদের সঙ্গে ভদ্র ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জ্বালানি তেল বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এ সময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিল লৌহজং থানা পুলিশের একটি দল।