শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির একটি কার্যালয়। শুক্রবার গভীর রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মান্দারবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং অফিসে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। ঘটনার সময় আতঙ্ক ছড়াতে সেখানে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান স্থানীয়রা। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, শুক্রবার গভীর রাতে কে বা কারা এসে অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে যায়। তবে স্থানীয়রা বলছে আগুন দেয়ার পরপরই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোন বিস্ফোরণ হয়েছে কি আমি বলতে পারছি না। এটা পুলিশ বলতে পারবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিএনপির অফিসে পেট্রল বা কেরোসিন জাতীয় কিছু দিয়ে আগুন দেওয়া হয়েছে। সেখানে কোন বিস্ফোরণ হয়েছে এমন কোন আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।