শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বিকেল আড়াইটার দিকে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দু’জনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক সাইফুলের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার ধানোকাটি গ্রামে। তিনি লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অপরদিকে রাবেয়ার বাড়ি শরীয়তপুর জেলার নকিরি মাদবরের চরকান্দি এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে একই থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে এক ব্যক্তিকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলায় হলেও তিনি দক্ষিণ কেরানীগঞ্জের পাইনারচর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।