শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুসাইন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাইসাইকেলে থাকা প্রান্ত নামে অপর এক শিশু আহত হয়।
নিহত হুসাইন ঝিনাইদহের কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে। সে যশোরের একটি মাদরাসার হেফজ বিভাগে অধ্যয়নরত।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে বাইসাইকেলে চড়ে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটায় খাবার নিয়ে যাচ্ছিল। ভাটার সামনে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িবোঝাই ট্রাক পেছন থেকে সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হুসাইন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে মারা যায়।
এ সময় সাইকেলের পেছনে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।