শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আলিম বেপারী (৪৫), অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল আলিম বেপারী দীর্ঘদিন ধরে যোগীরসিট এলাকার চেয়ারম্যান বাড়ি মোড়ে রড, সিমেন্ট, ইট ও বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি গলদাপাড়া এলাকায় অবস্থিত ‘স্টিলমার্ক’ নামীয় একটি কারখানায় ইট ও বালু সরবরাহের চুক্তি করেন। এ চুক্তির পর থেকে তিনি নিয়মিত মালামাল সরবরাহ করছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা পরিশোধ না করলে ওই কারখানায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মোঃ মুমিন মেম্বার, মোঃ কামরুল সরকার, মোঃ মনির সরকার, মোঃ ফয়সাল সরকার, মোঃ আল-আমিন মাস্টার (সকলেই সাং- যোগীরসিট), কামাল ডাকাত ও মোঃ হুরুল আমিন (সাং- গলদাপাড়া)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযুক্তরা কারখানার সামনে গিয়ে সরাসরি ৩ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ফ্যাক্টরির গেটের সামনে ফেলে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ডান চোখের নিচে রক্তাক্ত জখম হয়। একই সঙ্গে তার পকেটে থাকা ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি সিএনজিযোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে চিকিৎসা নেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ মোঃ নাছির আহমদ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।