
গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে রবিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত লোফায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় কয়েকজন যুবকের ওপর হামলায় তিনজন আহত হন। পরে থানায় অভিযোগ দায়েরের পর রবিবার দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আবারও হামলা চালায় দুর্বৃত্তরা। দেশীয় ধারালো অস্ত্রের পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭), রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।