
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোহরদী উপজেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব মো. শাহিনুল ইসলাম।
ব্রিফিংকালে তিনি নির্বাচনকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা গুজব প্রতিরোধে পুলিশের করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
এ সময় তিনি রাজনৈতিক দলসমূহ, জনপ্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে মনোহরদীতে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।