
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর এলাকায় প্রবাসীর গাড়ি ভাঙচুর ও এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কেন্দুয়া–আঠারবাড়ী সড়কের শিমুলতলা বাজার এলাকায়।
আহত যুবক মো. হবি মিয়া (২৪) রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করে জানান, তাঁর চাচা মো. আনোয়ারুল আলম ভূঁইয়া একজন আমেরিকান প্রবাসী। সম্প্রতি তিনি দেশে আসেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে তাঁরা মাসকা বাজারে গেলে স্থানীয় একটি জাতীয় সংসদ নির্বাচনের ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিসে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ভুক্তভোগীদের দাবি, পরে ওই ব্যক্তিরাই সংঘবদ্ধভাবে হামলার পরিকল্পনা করে। রাত সাড়ে ৮টার দিকে প্রবাসী আনোয়ারুল আলম ভূঁইয়া তার প্রাইভেটকারযোগে কেন্দুয়ার দিকে যাওয়ার পথে শিমুলতলা বাজার এলাকায় গাড়ির গতিরোধ করা হয়। এ সময় লোহার রড ও লাঠিসোটা দিয়ে গাড়ির পেছনের গ্লাস ও বডিতে আঘাত করে ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
হবি মিয়া মোটরসাইকেলে করে গাড়ির পেছনে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। লোহার স্টিক ও রড দিয়ে মাথার পেছনে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তার ডান হাতের কব্জি ও শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত হবি মিয়াকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মো. হবি মিয়া কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি মো. মোজাম্মেল হক রনি, মো. জুনাইদ, মো. রেজাউল হাসান সুমনসহ সাতজনের নাম উল্লেখ করেছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোঃ আব্দুল আউয়াল খান