শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ঢাকার আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সংলগ্ন নদীর ঘাট এলাকায় অবস্থিত বেসিক অ্যাপারেলস লিমিটেড ও বেঙ্গল ইন্ডিগো লিমিটেড নামের দুটি শিল্প গার্মেন্টস কারখানার ময়লা ও দূষণে আশপাশের এলাকার জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব কারখানা থেকে নির্গত ময়লা ও দূষিত বায়ু এলাকায় ছড়িয়ে পড়ছে, যা ঘরবাড়িতে প্রবেশ করে শ্বাসকষ্টসহ নানা রোগের কারণ হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানান তারা।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে কারখানার কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে এলাকায় তীব্র শব্দদূষণ ও ময়লার স্তুপ তৈরি হচ্ছে। কারখানার দক্ষিণ পাশের বসতবাড়িগুলোতে এখন বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে।
বাসিন্দারা আরও জানান, বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং রোগব্যাধির ঝুঁকি দিন দিন বাড়ছে।
এমন পরিস্থিতিতে পরিবেশ দূষণ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট গার্মেন্টস কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।