শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসা ভাড়া নেওয়ার প্রলোভন দেখিয়ে অপহৃত পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী (আমান বাংলা মোড়) এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মালেক (৪৮) এর বাড়িতে এক অজ্ঞাত নারী বাসা ভাড়া নেওয়ার কথা বলে আসেন। কথাবার্তার একপর্যায়ে কৌশলে শিশু কন্যা মোছাঃ রহিমা খাতুন (৫)-কে বাড়ির পাশের দোকান থেকে মজা কিনে দেওয়ার আশ্বাস দিয়ে অপহরণ করে নিয়ে যান ওই নারী।
অপহরণের পর অভিযুক্ত নারী মোবাইল ফোনে শিশুটির পরিবারকে জানায়, শিশু কন্যাকে জীবিত ফেরত পেতে হলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা নং-৫৭, তারিখ-২৮/০১/২৬ খ্রি., ধারা-৭/৮ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০ অনুযায়ী মামলা রুজু করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মতিউর রহমান তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন রঘুনাথপুর গ্রাম থেকে অভিযুক্ত মোছাঃ রোমেলা খাতুন (২৯), পিতা—মোঃ নুর মামুদকে গ্রেপ্তার করেন। একই অভিযানে অপহৃত শিশু রহিমা খাতুনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।