শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শব্দ দূষণ ও পরিবেশ সচেতনতা বাড়াতে রাজধানীর গুলশানে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নো হর্ন, নো ডাস্ট’ শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি, যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন গাড়িচালকরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে রাজধানীর গুলশান-২ চত্বরে ‘নো হর্ন, নো ডাস্ট’ শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কর্মসূচির অংশ হিসেবে গুলশান-২ ক্রসিংয়ের ট্রাফিক সিগন্যালে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চার দিকেই এক মিনিটের জন্য রেড সিগন্যাল চালু রাখা হয়। এ সময় সিগন্যালে অপেক্ষমাণ যানবাহনের চালকদের অনুরোধ জানানো হয় গাড়ি থেকে নেমে এক মিনিট নিরবতা পালনের জন্য।
তিনি জানান, চালকরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নিরবতা পালন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘নো হর্ন, নো ডাস্ট’। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উপ-কমিশনার আরও বলেন, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাসহ পুরো গুলশান জুড়ে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার রোধ এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ডিএমপির ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। এই এক মিনিটের নিরবতা কর্মসূচি ছিল একটি প্রতীকী আয়োজন, যার মূল উদ্দেশ্য গাড়িচালক ও সাধারণ মানুষের মধ্যে শব্দ দূষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুলশান ডিভিশন ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া প্রায় ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী কর্মসূচিতে অংশ নেন।
ডিএমপি জানিয়েছে, ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।