শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির।
পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় স্থাপিতব্য ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এসব কেন্দ্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ, প্রবেশ ও বের হওয়ার পথ, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর আবুল কালামসহ ডিমলা থানার একটি চৌকস পুলিশ টিম।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ওসি শওকত কবির সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন,
“অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
পরিদর্শন শেষে চলতি পথে বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জনগণকে নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্যও সবার প্রতি অনুরোধ জানান।
পুলিশের এমন সক্রিয় তৎপরতায় স্থানীয়দের মাঝেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সচেতন মহলের মতে, প্রশাসনের এ ধরনের আগাম প্রস্তুতি একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।