শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এই সফরে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের’ আওতায় দায়িত্ব পালনরত সামরিক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও দায়িত্ব পালনের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সেনাবাহিনী প্রধান বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের অবাধ চলাচল এবং একটি কার্যকর ও সুসংগত নিরাপত্তা বলয় গঠনে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।