শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় যৌতুকের টাকা আত্মসাৎ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তানিয়া বেগম (৩১) তার স্বামী মামুন শেখকে প্রধান আসামি করে কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী শরিয়া অনুযায়ী তানিয়া বেগমের সঙ্গে মোঃ মামুন শেখের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় বাদিনীর পিতা সামাজিকভাবে উভয় পক্ষের উপস্থিতিতে নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবা পত্রসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন, যার মোট মূল্য কয়েক লক্ষ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিবাদীরা যৌতুকের অতিরিক্ত টাকার দাবিতে বাদি তানিয়া বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বাদি একাধিকবার স্বামীর সংসারে ফিরে যাওয়ার চেষ্টা করলেও বিবাদীরা তাকে গ্রহণ করেননি। পরে বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
এ ঘটনায় তানিয়া বেগম ঢাকার সংশ্লিষ্ট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিবাদীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।