শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
কর্মব্যস্ত সাংবাদিক জীবনের একঘেয়েমি ও মানসিক চাপ থেকে সাময়িক মুক্তি পেতে প্রকৃতির কোলে একদিন কাটানোর ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে শম্ভুগঞ্জ প্রেসক্লাব,ময়মনসিংহ। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) জামালপুর জেলার মনোরম পর্যটন এলাকা লাউচাপরায় অনুষ্ঠিত এই আনন্দ ভ্রমণে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। সবুজ পাহাড়,খোলা আকাশ ও নির্মল পরিবেশে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পুরো দিনটি কাটান তারা। একসঙ্গে ভ্রমণ,একসঙ্গে খাওয়া-দাওয়া, প্রাণবন্ত আড্ডা ও দীর্ঘদিনের জমে থাকা নানা কথোপকথনের মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে সৃষ্টি হয় এক ভিন্নরকম মানসিক প্রশান্তি। দৈনন্দিন পেশাগত ব্যস্ততা ভুলে সবাই যেন মুহূর্তের জন্য ফিরে যান প্রাণের উচ্ছ্বাসে।
ভ্রমণটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শম্ভুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন। শুরু থেকে শেষ পর্যন্ত সদস্যদের সঙ্গে থেকে পুরো আয়োজনের খোঁজখবর নেন তিনি। এ বিষয়ে তিনি বলেন,“সাংবাদিকতা একটি অত্যন্ত চাপের পেশা। প্রতিনিয়ত দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক ক্লান্তি জমে ওঠে। এমন আয়োজন মানসিক প্রশান্তির জন্য প্রয়োজনীয়। সদস্যরা আনন্দ উপভোগ করেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” অংশগ্রহণকারীরা জানান, লাউচাপরা পর্যটন এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও মোবাইল নেটওয়ার্ক সংকটের কারণে যোগাযোগে কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। তবে সব সীমাবদ্ধতা ছাপিয়ে দিনটি সবার কাছে স্মরণীয় ও আনন্দঘন হয়ে ওঠে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং পেশাগত দায়িত্ব পালনে মানসিক শক্তি ও পারস্পরিক ঐক্য আরও দৃঢ় করবে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতির সঙ্গে এমন নিবিড় সংযোগ ভবিষ্যতেও সাংবাদিক সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।