শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকায় নির্বাচনসংক্রান্ত কাজ শেষে বাসযোগে গাইবান্ধার উদ্দেশ্যে নিউ পিংকি পরিবহনে রওনা দেন তিনি। পথিমধ্যে সিরাজগঞ্জ গোলচক্কর এলাকায় বাসে থাকা অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খেতে দেন। ডিম খাওয়ার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
আজিজার রহমান (৫৮) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাত গ্রাম ইউনিয়নের খোদা বক্স গ্রামের বাসিন্দা।
পরে অজ্ঞানপার্টির লোকজন তাকে বাস থেকে রংপুর মডার্ন মোড়ে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।আজিজার রহমান এর আগে সাদুল্লাপুর উপজেলা পরিষদ ও ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
ঘটনার বিষয়ে শুক্রবার রাত আটটায় তাজহাট থানায় আজিজার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি নিউ পিংক বাসের শেষের দিকে বাঁয়ে একটি সিটে বসে ছিলাম। পাশের সিটে গাইবান্ধার সাদুল্লাপুরের শাহীন নামের একজন বসেছিল। সিরাজগঞ্জে যাত্রাবিরতিতে আমরা বাস থেকে নামলে তখন ও (শাহীন) আমাকে ডিম খাওয়ায়। এরপর বাসে উঠে চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়ি। তারপর আর কিছু বলতে পারি না। এরপর আমাকে কে নামিয়ে দিল, তা–ও বলতে পারি না।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।