শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া এলাকায় অবস্থিত মোঃ জামিয়ার রহমানের মালিকানাধীন মেসার্স এম এস বি ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় উক্ত ইটভাটাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে ট্রাক্টরের মাধ্যমে বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা প্রশাসন, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম নেতৃত্ব প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় নীলফামারী জেলা পুলিশ বিভাগের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।