শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন সবচেয়ে বেশি—এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে।
প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন ও ন্যারাটিভের যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রি-ইলেকশন পালস: অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেক্টোরেট’ শীর্ষক এই জরিপের ফলাফল সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রকাশ করা হয়। জরিপের তথ্য উপস্থাপন করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।
জরিপে দেখা গেছে, ১৮–২৯ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামীর সমর্থন ৩৩ দশমিক ৬ শতাংশ, যা অন্য যেকোনো দলের তুলনায় বেশি। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে দলটির সমর্থন ৩৭ দশমিক ৪ শতাংশ। ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও দলটি এগিয়ে রয়েছে।
জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলার ২৯৫টি সংসদীয় আসনের আওতাভুক্ত ২২ হাজার ১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন।
জাতীয় পর্যায়ে সম্ভাব্য ভোট বণ্টনে বিএনপি পেয়েছে ৩৪ দশমিক ৭ শতাংশ, জামায়াতে ইসলামী ৩৩ দশমিক ৬ শতাংশ, এনসিপি ৭ দশমিক ১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ দশমিক ১ শতাংশ এবং অন্যান্য দল ৪ দশমিক ৫ শতাংশ সমর্থন। তবে ১৭ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন।
জরিপকারী প্রতিষ্ঠানের মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক যুক্ত হলে বিএনপির সমর্থন ৪৩ দশমিক ২ শতাংশ এবং জামায়াতে ইসলামীর সমর্থন ৪০ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে।
সমর্থনের কারণ বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতা এবং জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সততা ও কম দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তিই ভোটারদের আকর্ষণের প্রধান কারণ।