শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকার বাঁশঝাড়ে এই হামলার ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেখানে যান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসআই মনিরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার শিহাব হোসেন আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। পুলিশ জানায়, তিনি উক্ত হত্যা মামলার পলাতক আসামি এবং যুবলীগ নেতা সোহেল শিকদারের শ্যালক।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।