শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও সুনাম অর্জন করে আসছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের পক্ষ থেকে দেশব্যাপী জোরালো সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মাহমুদুর রহমান খান ওরফে সনি (৪৬) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব জানতে পারে যে উক্ত বাসায় অবৈধ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই শেষে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনাকালে বাসার মালিক সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে বাসার ভেতর তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সনি স্বীকার করে যে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলো দিয়ে সে রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এছাড়াও সে এসব অস্ত্র পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় সরবরাহ করত, যা ব্যবহার করে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই অভিযানের মাধ্যমে রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।