শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গাইবান্ধা জেলা শহরে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
বুধবার (আজ) বেলা ১১টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই বিশেষ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। খোলা আকাশের নিচে জমে ওঠা এই আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।
ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং আলোচিত ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি গাড়িতে থাকা শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান, যা দর্শকদের আবেগে নাড়া দেয়।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ আকর্ষণ ছিল গাইবান্ধার আঞ্চলিক ভাষায় পরিবেশিত নির্বাচনি সংগীত, যা স্থানীয় মানুষের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করে।
অনুষ্ঠানের শুরুতে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এই ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।