শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ঢাকার দোহার নবাবগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। দাম বাড়ার আগে অতিরিক্ত দামে সিলিন্ডার পাওয়া গেলেও দাম বাড়ার পরে উধাও হয়ে গেছে গ্যাসের সিলিন্ডারগুলো। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অতিরিক্ত দাম দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না ক্রেতারা। তবে কিছু কিছু জায়গায় গ্যাস – সিলিন্ডার পাওয়া গেলও সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে ইচ্ছামতো দামে গ্যাস বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র – ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে খুচরা বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বেশি দাম দিতে চাইলেও চাহিদা মোতাবেক গ্যাস সিলিন্ডার সরবরাহ করছেন না ডিলাররা। ফলে দোকানগুলোতে গ্যাস এলেও তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আকাশছোঁয়া দাম, উধাও সিলিন্ডার বাজার ঘুরে জানা যায়, সিলিন্ডার গ্যাসের দাম বাড়বে এমন সংবাদ প্রচার হওয়ার পরই দাম বাড়িয়ে দেন ডিলাররা। গত কয়েকদিন ১৮শ’ টাকা থেকে ২ হাজার টাকায় প্রতিটা সিলিন্ডার বিক্রি হলেও দাম বাড়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডারই উধাও হয়ে যায়।দোহারের জয়পাড়া বাজারে গ্যাস কিনতে আসা অরিন হোসেন নামে এক গৃহবধূ অভিযোগ করে বলেন, তিন-চারদিন আগে ১৭শ’ টাকা দিয়ে গ্যাস কিনেছি। দেশে কোনো কিছুর দাম বাড়ার আগেই বেড়ে যায়। আর কমার কথা থাকলে আর কমে না। আজব দেশে বাস করি আমরা। কবে যে দেশটা শৃঙ্খলায় ফিরবে বুঝতে পারছি না।
দোহারের মত
নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট
সিন্ডিকেটের কথা জানান খুচরা বিক্রেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, ডিলারদের টাকা দিয়েও সিলিন্ডার পাচ্ছি না। তারা অল্প কিছু গ্যাস দিলেও সেটির দাম অনেক বেশি রাখছেন। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নবাবগঞ্জের গ্যাস ব্যবসায়ীরা জানান, নবাবগঞ্জের সবচেয়ে বড় গ্যাসের ডিলার আগলা বাজারে মেসার্স তাসনীম ট্রেডার্সের কর্ণধার আলী হোসেন ঝিলু। এ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা গেলেই নবাবগঞ্জে গ্যাসের সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে এ ব্যাপারে মেসার্স তাসনীম ট্রেডার্সের মালিক আলী হোসেন ঝিলুকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানা যায়, চলতি জানুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা। গত মাসে (ডিসেম্বর ২০২৫) দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা।