শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে সরকারি হালটের রাস্তার অংশ নিয়ে বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আগের দিনের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই টানা দ্বিতীয় দিনের মতো ফের উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির (২২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনাটি ঘটে সকাল আনুমানিক ৮টার দিকে কেন্দুয়া উপজেলাধীন ১১ নম্বর চিরাং ইউনিয়নের বাট্টা মাইজপাড়া এলাকার কাচারী মোড় ও চিরাং রোড থেকে বাট্টা গ্রামের নির্মাণাধীন সড়ক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি হালটের রাস্তার অংশ নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরেই বুধবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সকাল ৮টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র—দা, লাঠি, ঢাল-বল্লম ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই মুখোমুখি লড়াই, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজকের সংঘর্ষে আহতরা হলেন—
রেজিয়া আক্তার (৫৫), রহিদুল ইসলাম (৬০), খাইরুল (২১), মনির (২২—গুরুতর), বাবুল (৫০), শফিক (৩৫), কামরুল, সাদিপ (১৪), সুমন ভূইয়া (২৪), মোশাররফ (১৮), শহিদ (৩৭), মিজানুর রহমান (২১), উজ্জ্বল (৪০), অন্তর (২১) ও তাইজুল (২১)।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, জমি ও সরকারি রাস্তার অংশ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই টানা দুই দিনের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।