শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
উদ্ধার: র্যাবের পোশাক, ওয়াকিটকি, প্লাস্টিক পিস্তল ও হ্যান্ডকাফ
ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, প্লাস্টিকের পিস্তলসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস দল গত ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কতিপয় পেশাদার ডাকাত র্যাবের পরিচয় ব্যবহার করে এলাকায় ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো—
আব্দুল হক স্বপন (৫৪), মোঃ আনোয়ার হোসেন (৫৬) এবং আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
৪টি কালো রঙের “র্যাব” লেখা কটি
১টি ওয়াকিটকি
২টি প্লাস্টিকের পিস্তল
২টি পিস্তলের কভার
১ জোড়া স্টিলের হ্যান্ডকাফ
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল। তারা মূলত রাতের বেলায় বিভিন্ন এলাকায় র্যাব পরিচয়ে তল্লাশির কথা বলে পথচারী ও বাসাবাড়িকে টার্গেট করত।এছাড়া সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তারা সবাই সংঘবদ্ধ ও পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।