শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
গণতন্ত্রের প্রতীক,আপোষহীন নেতৃত্বের প্রতিচ্ছবি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ময়মনসিংহে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ জেলা তাঁতীদলের সভাপতি মোক্তার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতা আবু ওয়াব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুকনুজ্জামান রুকনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের ভোটাধিকার,ন্যায়বিচার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাঁতীদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সেই আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত,দেশের শান্তি,গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে আবেগঘন ও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা তাঁতীদল ছাড়াও বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।