শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) ডিমলা উপজেলার কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নদী থেকে উত্তোলিত বালু বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অপরাধ দমনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন ডিমলার কঠোর অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।