শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়ায় রাষ্ট্রীয় শোকের মধ্যদিয়ে বছরের প্রথমদিনে বই বিতরণ
ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিন উপজেলা প্রশাসনের আয়োজনে শোকাবহ পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। উপজেলার সরকারি ১৬২টি প্রাথমিক এবং ২০টি কিন্ডার গার্টেনে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন বই বিতরণ করা হয়েছে। ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ, ৮ম ও ৯বম শ্রেণির শিক্ষার্থীদের আংশিক নতুন বই বিতরণ করা হয়েছে। সরবরাহ না থাকায় ৭ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেয়া সম্ভব হয়নি। ৩৮টি মাদ্রাসায় শুধু নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেহেনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাধ্যমিক স্তরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে, মাদ্রাসা পর্যায়ে শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এবং প্রাথমিক স্তরে ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেটিই আমাদের পরিশ্রমের সার্থকতা। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এই শিক্ষার বীজ আজ আমরা বপন করছি, যার ফল আগামী দিনে দেশ পাবে। শিশুদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হলে শিক্ষা সু-নিশ্চিত করতে হবে।
উক্ত বিরতণকালে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানসহ প্রতিষ্ঠান প্রধানগণ এবং শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।